
y
নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য, সরকারি পরিষেবা এবং এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। এ বার সেই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে বিস্তারিত নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ অগস্ট ২০২৫ থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই কর্মসূচির শিবির চলবে। সমস্ত আবেদনের প্রশাসনিক মূল্যায়ন এবং অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, তা নির্ধারণ করে ফেলতে হবে ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে। ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কাজ শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সময়মতো ক্যাম্প ও পরবর্তী কাজের অগ্রগতি তদারকির জন্য বিশেষ মনিটরিং কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে। এক ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই কর্মসূচিকে সফল করতে জেলাশাসকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, প্রতিটি ক্যাম্পে বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকদের সঙ্গে যেন স্থানীয় প্রতিনিধিরাও থাকেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। শিবির চালুর আগে যেন স্থানীয় ভাবে তা প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষ অংশগ্রহণে উৎসাহিত হন। পাশাপাশি, প্রতিটি ক্যাম্প থেকে জমা পড়া সমস্যার তালিকা ও সমাধানের অগ্রগতি নিয়মিত ভাবে রাজ্য সদর দফতরে পাঠাতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই কাজের গতিপ্রকৃতি ঠিক করা হবে।





