বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল । সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ( Gour Das Baul) ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছে। তখন পড়ুয়ারাই ওই ছাত্রীকে পুকুর থেকে তুলে আনেন। তবে কী কারণে পুকুরে পাড়ে গিয়েছিলেন তিনি তা এখনও জানা যায়নি। যেহেতু অনুষ্ঠান চলাকালীন মাইক ব্যবহৃত হচ্ছিল এবং উপস্থিত সকলেই নাচ-গান করছিলেন, তাই ওই ছাত্রী চিৎকার করলেও সহজে তা কারও কানে পৌঁছনো সম্ভব নয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের।
যাদবপুর থানার পুলিশ শুরু করেছে তদন্ত। যদিও কীভাবে ছাত্রীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত চার নম্বর গেটের সামনের তিনটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতে কী ঘটেছিল, তা সেখানে ধরা পড়ে থাকতে পারে। ইতিমধ্যে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার পৌঁছে গিয়েছে ফরেন্সিক দল। এর মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছেন, ক্যাম্পাসে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। তবে অত রাত পর্যন্ত অনুষ্ঠান চলার কথা নয় বলে জানালেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত। অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার সকালে অমিতাভ সাংবাদিকদের বলেন, ‘‘রাতেই আমরা পুলিশকে ঘটনার কথা জানিয়েছিলাম। ছাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় কেপিসি-তে (KPC)। কিন্তু বাঁচানো যায়নি। ওঁর পরিবার রাতে এসেছিল। হাসপাতালে আমরা অনেকে ছিলাম। ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা সমব্যথী।’’ রাত পর্যন্ত অনুষ্ঠান প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘‘আমাদের ড্রামা ক্লাবের অনুষ্ঠান ছিল। তার জন্য যে অনুমতি নেওয়া প্রয়োজন, নিশ্চয়ই নেওয়া হয়েছিল।’’ রাত পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল কি? সহ-উপাচার্য বলেন, ‘‘না, রাত পর্যন্ত ছিল না। তবে অনেক সময় নানা কারণে নির্ধারিত সময়ের বাইরেও অনুষ্ঠান চালানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে কত রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছে, সেই সংক্রান্ত তথ্য এখনও আমার কাছে আসেনি। ঘটনাটি কখন ঘটেছে, তখন অনুষ্ঠান চলছিল কি না, বলতে পারব না।’’





