Header AD
Trending

গোলপার্কে বোমা-গুলি কাণ্ডে গ্রেপ্তার ১০, ‘কাউকেই রেয়াত নয়’ হুঁশিয়ারি সিপির

দক্ষিণ কলকাতার গোলপার্কে রবিবার রাতের ভয়াবহ গণ্ডগোলের ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। কাঁকুলিয়া রোড এলাকায় পিকনিককে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তি দ্রুতই ভয়ঙ্কর রূপ নেয়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোলপার্ক এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর ইটবৃষ্টি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে যখন দুষ্কৃতীরা বোমা ছোড়ে এবং গুলি চালায়। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। রাস্তায় রক্তের দাগ, গুলির খোল এবং বোমার টুকরো উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পর একের পর এক অভিযোগের ভিত্তিতে মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। সেই মামলাগুলির সূত্র ধরেই শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার কড়া বার্তায় জানিয়েছেন, “এই ঘটনায় কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ কলকাতার পরিচিত দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, এলাকা দখলের উদ্দেশ্যেই বাইরে থেকে লোক এনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এমনকী একটি দলীয় অফিসকে টার্গেট করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার সকাল থেকে গোলপার্ক এলাকায় থমথমে পরিস্থিতি। নিরাপত্তা জোরদার করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।