Header AD

সাইবার প্রতারণা মামলায় বিহারে গ্রেপ্তার ২, উদ্ধার সোনা – রুপোসহ বিপুল নগদ টাকা

সাইবার প্রতারণা মামলায় বিহার পুলিশের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত। শুক্রবার বিহারের গোপালগঞ্জ থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।‌ আদিত্য কুমার ও অভিষেক কুমার নামের ওই দুই অভিযুক্ত একসময় চায়ের দোকান চালাতেন । সম্পর্কে তাঁরা দুই ভাই। পরে দুবাইয়ে চলে যান অভিষেক। পুলিশের সন্দেহ সেখান থেকেই সাইবার প্রতারণার হাতে খড়ি হয় তাঁর। এছাড়াও অভিষেকের ভাই আদিত্য তাঁকে সাইবার জালিয়াতির প্রযুক্তিগত কাজকর্মে ও আর্থিক লেনদেনে সাহায্য করতেন বলে অভিযোগ।

গত শুক্রবার‌ গোপন সূত্র মারফৎ গোপালগঞ্জের একটি গ্রামে অভিযান চালায় পুলিশ। দুই ভাইকে গ্রেফতারের পাশাপাশি নগদ ১ কোটি ৫ লক্ষ ৪৯ হাজার ৮৫০ টাকা উদ্ধার হয়। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে ৩৪৪ গ্রাম সোনা এবং ১.৭৫ কেজি রুপো। নগদ টাকা এবং সোনা রুপোর সঙ্গে সাইবার অপরাধের সম্পর্ক থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।

গোপালগঞ্জের ডেপুটি পুলিশ সুপার অবন্তিকা দিলীপ কুমার জানিয়েছেন, ওই নগদ এবং সোনা- রুপোসহ ৮৫ টি এটিএম কার্ড, ৭৫ টি পাস বই, ২৮ টি চেক বই, বহু আধার কার্ড, দুটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সুত্রে খবর, ধৃত দুই অভিযুক্ত প্রতারণার টাকা বিভিন্ন ব্যাংকে সরিয়ে ফেলতেন। পুলিশের সন্দেহ এই সাইবার প্রতারণা চক্র বিহারের বাইরেও জাল ছড়িয়ে রেখেছে। ইতিমধ্যেই ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।