Header AD

SIR শুরুর আগে রাজ্যের ১৭ আমলা সহ ৬৪ জন আইএএস অফিসার বদলি

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। দশ জেলাশাসক, এডিএম-সহ মোট ১৭ জন আমলাকে বদলি করা হল। পাশাপাশি ৬৪ জন আইএএস অফিসারকেও বদলি করা হয়েছে। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক বদল হয়েছেন অন্তত ২০ জেলার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে।রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও।

২০২৬-এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সোমবারই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর দিনক্ষণ ঘোষিত হতে পারে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও অনেকেই একে রুটিন বদল বলছেন। তিন বছরের বেশি যে আধিকারিকরা একটি নির্দিষ্ট বিভাগে কর্মরত, তাঁদের নিয়ম মেনে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, জেলা পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনেও এবার বদল আসবে।

জানা যাচ্ছে, যেসব আধিকারিককে বদলি করা হয়েছে সেই তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও রয়েছেন হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক বদলি হয়েছেন কলকাতা পুরসভার কমিশনার পদে। এছাড়া মুর্শিদাবাদ, পুরুলিয়ার জেলাশাসকদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।