Header AD
Trending

এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু মেমারির BLO-র!

রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তারই মাঝে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে মৃত্যু হল মেমারির বিএলও-র। মৃতের নাম নমিতা হাঁসদা। তিনি মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও। বছর পঞ্চাশের ওই মহিলা মেমারির চক বলরামপুরের বাসিন্দা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের দাবি, কাজের চাপের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে এসআইআর-এর কাজ শুরুর পর থেকেই এই বিএলও- নাকি মানসিক চাপে ছিলেন। তাই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। একদিকে স্কুলের কাজ অন্যদিকে বিডিও নাকি আরও বেশি করে ফর্ম বিলি করার জন্য চাপ দিচ্ছিলেন। এই দুইয়ের চাপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বছর ৫০ – এর ওই মহিলা। জানা গিয়েছে, মেমারি থানার বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় শনিবার এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মৃতার স্বামীর দাবি, “এনুমারেশন ফর্ম বিলি নিয়ে খুব চাপ দেওয়া হচ্ছিল। চাপটা বিডিওর থেকে আসছিল। বারবার বলা হচ্ছিল কী করছেন এখনও ৮০ শতাংশ কাজ হয়নি। সন্ধ্যাবেলাতেও ফর্ম বিলি করছিল। এত ফর্ম বিলি করতে হবে ভেবে চিন্তা করছিল। বিলি করতে গিয়েই ব্রেন স্ট্রোক হয়।” মৃতার ছেলের অভিযোগ, “মা মাঝে মাঝে ফোন করত। বলত কাজ কিছুই বুঝতে পারছি না। চাপ নিতে পারছি না”। যদিও এই ঘটনার পর প্রশাসনিক স্তরে কী ব্যবস্থা নেওয়া হবে তার এখনও পরিষ্কার নয়।