আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বাংলার মেয়েদের অসাধারণ সাফল্যে গর্বিত গোটা রাজ্য। সদ্য প্রকাশিত ইউপিএসসি (UPSC) ২০২৫-এর ফলাফলে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে বাংলার একঝাঁক মেধাবী পড়ুয়া। উল্লেখযোগ্য বিষয় হল, নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশই মহিলা। এই সাফল্যের জন্য তাঁদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী সকল সফল প্রার্থীদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাজ্য সরকারের প্রশিক্ষণ উদ্যোগের ফলেই বাংলার মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়ারা সর্বভারতীয় এই কঠিন পরীক্ষায় এত ভালো ফল করতে পেরেছেন।
ইউপিএসসি ২০২৫-এর মেধাতালিকায় দেখা যাচ্ছে, ৪০ থেকে ৯০০-র মধ্যে বিভিন্ন র্যাঙ্কে বাংলার একাধিক পরীক্ষার্থীর নাম রয়েছে। তাঁদের মধ্যে ৪০তম স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন বাংলার দিশা রাই। এছাড়া ২০০ থেকে ৫০০-র মধ্যে রয়েছেন ছয়জন পরীক্ষার্থী, যাঁরা সকলেই পুরুষ। অন্যদিকে ৬০০ থেকে ৯০০-র মধ্যে থাকা চারজনই মহিলা। এই তালিকায় রয়েছেন মহসিনা বানু (৬৪৮), জুহি দাস (৬৪৯), কীর্তি চৌধুরী (৭৬০) এবং অ্যানিয়েলা শেরপা (৮৯৩)। ভবিষ্যতে তাঁরাই দেশের প্রশাসনিক ও পুলিশ পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
উল্লেখ্য, একসময় সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলার অংশগ্রহণ এবং সাফল্যের হার তুলনামূলকভাবে কম ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও শোনা যেত। সেই পরিস্থিতি বদলাতে রাজ্য সরকার উদ্যোগ নেয়। নিউটাউনে চালু করা হয় ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’, যেখানে ডব্লুবিসিএস (WBCS), আইএএস (IAS)ও অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার (Civil Service Exam)জন্য স্বল্প খরচে প্রশিক্ষণের সুযোগ পান পড়ুয়ারা। বিশেষ করে প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরাও এখানে প্রস্তুতির সুযোগ পেয়ে থাকেন।
এই প্রশিক্ষণ কেন্দ্রে অভিজ্ঞ আইএএস ও আইপিএস আধিকারিকরা পড়ুয়াদের গাইড করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের ইউপিএসসি পরীক্ষায় মেধাতালিকায় উপরের দিকে থাকা ১১ জনই এই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার সবসময় তোমাদের পাশে রয়েছে।”




