রবিবার সকালে চাঁদনি চকের কাছে সিইএসসির অফিসে ভয়াবহ আগুন লাগে। ঘটনার খবর পেয়েই ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। জানা যায়, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তবে সিইএসসির ওই অফিসে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত রবিবার ছুটির দিন সকাল ৭টার কিছু পরে স্থানীয় মানুষজন চাঁদনি চকের কাছে প্রিন্সেপ স্ট্রিট এলাকায় সিআইএসসির অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন দমকল আধিকারিকরা।শহরের অন্যতম ব্যস্ত এলাকায় আগুন লাগলেও রবিবার ছুটির দিন হওয়ায় ভিড় ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে।





