প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় নাকি এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন! তাঁকে বড়পর্দায় নায়ক হিসাবে আনছে প্রযোজনা সংস্থা এসভিএফ।অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল এই খবর । পুজোয় মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরাণী’ ছবির প্রচারের সময় ছেলে মিশুকের অভিনয় জগতে আসার কথা অস্বীকার করেননি বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তিনি প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেননি। নবমীর সকালে সেই গুঞ্জনে কার্যত সিলমোহর পড়ল বলা চলে।
সূত্রের খবর, সব ঠিক থাকলে এই বছরেই হয়তো শুটিং শুরু করবেন তৃষাণজিৎ। শোনা যাচ্ছে সেই উপলক্ষে ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় এবার বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। সেখানে উপস্থিত থাকছেন তৃষাণজিৎ স্বয়ং।প্রসঙ্গত, বিশ্বজিতের মেয়ে সম্ভাবী চট্টোপাধ্যায়ও ইতিমধ্যে পা রাখছেন হিন্দি ছবিতে। বর্ষীয়ান পরিচালক-অভিনেতা বাবার আগামী ছবি ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে ছিল প্রসেনজিতের জন্মদিন। এদিন কলকাতায় দফায় দফায় উদযাপন হয়েছে সেই বিশেষ দিনের। এ দিনও বিশ্বজিৎ ছেলের নামে যজ্ঞের আয়োজন করেছিলেন। প্রতি বছরের মতো শ্বশুরমশাইয়ের মুম্বইয়ের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছেন অর্পিতা। সঙ্গে গিয়েছেন ছেলে মিশুক। বুধবার, ১ অক্টোবর অর্পিতার জন্মদিন। এইবছর অর্পিতার জন্মদিন পালিত হবে শ্বশুরবাড়িতে। বলা চলে, মায়ের জন্মদিনে ছেলের বিষয়ে বড় খবর এবার সামনে এলো।





