Header AD
Trending

খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল উত্তরপ্রদেশের এক যুবকের

ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তরপ্রদেশের ঝাঁসীতে। মৃত যুবকের নাম রবীন্দ্র আহিরওয়াড়। ঝাঁসীর নলগঞ্জ এলাকার বাসিন্দা তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নিজের পাড়ায় ক্রিকেট খেলছিলেন বছর তিরিশের রবীন্দ্র আহিরওয়াড়। বল করছিলেন তিনি । রবীন্দ্রের বন্ধুরা জানিয়েছেন, তাঁরা সকলে একসঙ্গে খেলছিলেন। রবীন্দ্র প্রতি দিনই খেলাধুলা এবং শরীরচর্চা করতেন।

 খেলার মাঝেই একটু ক্লান্ত বোধ করায় খেলা থামিয়ে জল খান তিনি। এরপরই বমি করেন ও জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান রবীন্দ্র আহিরওয়াড়। দ্রুত তাঁকে  নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

পরিবার সুত্রে খবর,  শারীরিক কোনও সমস্যা ছিল না রবীন্দ্রের। ভোরে ঘুম থেকে উঠে বাড়িতে বসে চা খান বাবার সঙ্গে । তারপর মাঠে খেলতে চলে যান। খেলার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন। জল খান এবং তার পর বমি করেন। রবীন্দ্রের বন্ধুরা ভেবেছিলেন ‘ডিহাইড্রেশন’ হয়েছে। তবে তাঁর কোনও সাড়াশব্দ না পাওয়ায় তাঁদের সন্দেহ হয় । দ্রুত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে চিকিৎসকেরা সন্দেহ করছেন। পুলিশ সূত্রে খবর, কীভাবে রবীন্দ্রের মৃত্যুর হল, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই  পরিষ্কার হবে।