লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে আজ, শনিবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাস গড়ালেই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ । ভোটমুখী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানেই যাচ্ছেন সেখানেই জন সমুদ্র তাঁকে ঘিরে ধরছে। অভিষেকের বক্তব্য শুনতে প্রত্যেকদিন ভিড়ের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তিনি আগেই জানিয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে এই দু’মাস তিনি রাস্তার থাকবেন। সেই মতো জানুয়ারির শুরু থেকেই ‘রণসংকল্প যাত্রা’ করছেন অভিষেক। প্রতিদিন একাধিক কর্মসূচির মাঝে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিষেক। কীভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) সুর বেঁধে দিতে হবে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখছেন সাংসদ। দলীয় সূত্রে খবর শনিবার বিকেলে তৃণমূলের লক্ষাধিক কর্মী ও নেতাদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক। থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্ররা সকলেই।
প্রসঙ্গত রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় গলদ নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল। প্রতিদিন মানুষের হেনস্তার ছবি সামনে আসছে। এসআইআর আতঙ্কে এখনও পর্যন্ত রাজ্যে ১০০ বেশি মানুষের প্রাণ গিয়েছে। এই প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবিতে লাগাতার প্রতিবাদ কর্মসূচি করেছে রাজ্যের শাসকদল। অবশেষে গত ১৯ জানুয়ারি সোমবার নির্বাচন কমিশনকে (Election Commission) লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে তৃণমূলের আর যা যা দাবি ছিল তার সবগুলোই মান্যতা পেয়েছে শীর্ষ আদালতের নির্দেশে। এর পরেই বারাসাতের সভা থেকে বিজেপিকে আক্রমণ আরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঙ্কার দেন, ‘”আজ কোর্টে হারালাম। এপ্রিলে ভোটে হারাব”।
এই আবহে নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি-সহ রণকৌশল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।





