Header AD
Trending

ছটপুজোয় রাজ্যজুড়ে দুর্ঘটনা! হাওড়ায় ভ্যানের ধাক্কায় শিশুমৃত্যু, গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত ৩

ছটপুজো সেরে ফেরার পথে গাড়ির ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় পড়ে  মৃত্যু হল তিনবছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা নাগাদ হাওড়ার নিত্যধন মুখার্জি রোডের বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে।  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও ভ্যান ও ঘাতক গাড়িটিকে চালক-সহ আটক করেছে হাওড়া থানার পুলিশ। তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম পুনম কুমারী। হাওড়ার কেলভিন কোর্ট চার্চ রোডে তাঁর বাড়ি। সোমবার বিকেল নাগাদ তেলকল গঙ্গার ঘাটে ছটপুজো দিতে গিয়েছিল শিশুটি তাঁর বাবা মায়ের সঙ্গে । সন্ধ্যা ৭টা নাগাদ তিন চাকার একটি ভ্যানে বাবা ও মায়ের সঙ্গে ফিরছিল পুনম। ভ্যানের পিছন দিকে বসেছিল সে। বার্ন স্ট্যান্ডার্ড মোড়ের কাছে আসতেই হঠাৎ ঝাঁকুনিতে টাল সামলাতে না পেরে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায় ছোট্ট মেয়েটি। ওই ভ্যানের পিছনেই ছিল একটি চারচাকার গাড়ি । ওই গাড়ির যাত্রীরাও ছটপুজো সেরেই বাড়ি ফিরছিলেন। ওই গাড়ির সামনে থাকা চাকাটি সজোরে গিয়ে ধাক্কা মারে শিশুটির মাথায়। তড়িঘড়ি কর্তব্যরত ট্রাফিক পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় আধঘণ্টার চেষ্টাতেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে পারেননি।

অপরদিকে, ছটপুজো উপলক্ষে মঙ্গলবার সকালে নদীতে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই ভাই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। আত্মীয়-পরিজনদের চোখের সামনেই  ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল তলিয়ে যাওয়া দুই তরুণের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত  পুলিশবাহিনী।

সূত্রের খবর, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মঙ্গলবার সকালে কাটোয়ার দেবরাজঘাটে স্নান করতে এসেছিলেন  পঁচিশের শিবম সাউ ও ১৮ বছরের সুজন সাউ। সম্পর্কে তাঁরা দুজন তুতো ভাই। বাড়ি কাটোয়া ন্যাশনালপাড়ায়। সবাই একে একে স্নান করছিলেন। তখনই স্নান করতে করতে হঠাৎ সুজন তলিয়ে যান‌ এবং তাঁকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান শিবমও। কাছেই ছিলেন সুজন ও শিবমের কাকা প্রসেনজিৎ সাউ। তিনি জানান, “আমি ওদের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু এতটাই স্রোত ছিল যে হাত ফসকে ওরা নদীতে তলিয়ে যায়। দুই ভাইপোই আমার চোখের সামনে ভেসে গেল।”

এই দুর্ঘটনার পরেই  শুরু হয়েছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি। তড়িঘড়ি কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি-সহ বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বিভাগের পুলিশের নজরদারি বোট  ইতিমধ্যেই শুরু করেছে তল্লাশি। স্থানীয়দের একাংশের দাবি, দেবরাজঘাট বরাবর বিপজ্জনক। কিন্তু প্রশাসন বা পুরসভা থেকে সেভাবে আগাম সতর্কতা নেওয়া হয়নি। অন্যদিকে আরও একটি দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে। ছটপুজোয় গঙ্গাস্নান করতে নেমে নবম শ্রেণির ছাত্র বুবাই দত্ত গঙ্গায় তলিয়ে যায়। ৬ ঘণ্টা ধরে তল্লাশির পর উদ্ধার হয়েছে তার দেহ।