বৃহস্পতিবার ৪৯তম কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। বইপ্রেমীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ, রবিবার ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দিন নিয়মিত ১৩০টির পরিবর্তে মোট ১৬০টি মেট্রো চলবে।
মেট্রোর তরফে জানানো হয়েছে,অন্যান্য রবিবারের মতোই এই রবিবারও দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে সকাল ৯টা নাগাদ পরিষেবা শুরু হবে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোর সময়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাত ৯টা ৩০ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ পরিষেবার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।
অন্যদিকে,শুক্রবার (২৩ জানুয়ারি) নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে ব্লু ও ইয়োলো—দু’টি লাইনে মেট্রোর সংখ্যা কমছে। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) মোট ২৭২টির পরিবর্তে চলবে ২৩৬টি মেট্রো। আপ ও ডাউন মিলিয়ে চলবে ১১৮টি করে ট্রেন। পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দু’টি বিশেষ আপ ট্রেন চালানো হবে।
শুক্রবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়ও বদলানো হয়েছে। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে দিনের অন্যান্য সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি রাত ৯টা ৩৫ মিনিটের বদলে ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে।
২৩ জানুয়ারি ইয়োলো লাইনেও মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে। স্বাভাবিক দিনে ১২০টির পরিবর্তে ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চলবে। সকালে প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও, রাতে শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার সাত সকালে যান্ত্রিক গোলযোগের কারণে ব্লু লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার ফলে মেট্রো শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ব্যাহত হয় পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত আংশিক মেট্রো পরিষেবা সচল ছিল। অফিস টাইমে এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।




