বুধবার সন্ধ্যায় ইকো পার্ক সংলগ্ন ঘুনি এলাকার মাঝের পাড়ায় ভয়াবহ আগুন লাগে। বাগজোলা খালপাড়ের ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে সেই আগুন। স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় ২০০-র বেশি ঝুপড়ি পুড়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকল সূত্রে জানা যায়, পরপর কয়েকটি ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) সঙ্গে ফোনে যোগাযোগ করেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কতটা এলাকাজুড়ে আগুন ছড়িয়েছিল, সে সম্পর্কেও দমকলমন্ত্রীর কাছে জানতে চান তিনি। এর পরই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
এদিকে নিউটাউনের পর বুধবার মধ্যরাতে বিধ্বংসী আগুন লেগে কাঁকুড়গাছির এক গ্যাস সিলিন্ডারের গোডাউনে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোডাউনটি। রাত আড়াইটে নাগাদ আগুন লাগে বলে খবর। এরপরই সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকাল হয়ে যায়। তবে পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে বলেই খবর। দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ করে। জানা গিয়েছে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকায় অনেকের বাড়ির কাচ ভেঙে গিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কোনও হতাহতের খবর নেই। কী থেকে এই আগুন লাগল এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





