নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে নিউ এগরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি পর্যন্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, ভোটে জেতার পর দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি বিধায়ককে। নির্বাচন ঘনিয়ে আসতেই তিনি জনসংযোগ শুরু করেছেন, এই অভিযোগ তুলে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। সেই স্লোগানকে ঘিরেই বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। দু’পক্ষের মধ্যে গালিগালাজও চলে। শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।
এই ঘটনার পর বিজেপির তরফে দাবি করা হয়, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই পরিকল্পনা করে এই বিক্ষোভ করেছে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল বলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। ওদের সাংসদকে এলাকায় খুঁজে পাওয়া যায় না। আমি আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়িতে যাব, মানুষের কাছে ১৫ বছরে কী হয়েছে তা তুলে ধরব।”
তিনি আরও অভিযোগ করেন, এলাকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের উদ্যোগ নিতে চাইলেও তাঁকে প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি এবং বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। উল্লেখ্য, এর আগেও টিরাট ও নিমচা এলাকায় জনসংযোগ করতে গিয়ে একই ধরনের বিক্ষোভের মুখে পড়েছিলেন অগ্নিমিত্রা পাল। এবার নিউ এগরা এলাকাতেও সেই ছবিই ফের দেখা গেল।





