কিছুদিন আগেই মাতৃহারা হয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ (Mitali Bag)। এই পরিস্থিতিতে সমবেদনা জানাতে সাংসদের বাড়ি পৌঁছেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। সেখানে গিয়ে পুরনো দিনের কথা ভেবে স্মৃতিতে ডুব দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। তিনি নিজের X হ্যান্ডেলে সেই মুহূর্তের ছবিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় সাংসদ সায়নী লেখেন, “আজ আমার অত্যন্ত মন খারাপের একটি দিন। আমার সহযোগী তৃণমূল কংগ্রেসের সদস্য, আরামবাগ কেন্দ্রের মাননীয়া সংসদ সদস্য শ্রীমতী মিতালী বাগের সদ্য মাতৃ বিয়োগের দুঃখ সবার সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। মা শব্দটির গুরুত্ব প্রত্যেকের কাছে অপরিসীম কিন্তু যেই মা অল্প বয়েসে স্বামীহারা হয়েও নিজের ত্যাগ ও দায়িত্ব পালন করে সুযোগ্য সন্তান তৈরি করেন তিনি অসাধারণ।”
সাংসদ মিতালী বাগের বাড়ি পৌঁছে আবেগপ্রবণ হয়ে স্মৃতিতে ডুব দিয়ে সেখান থেকেই যাদবপুরের সাংসদ বলেন, “ব্যক্তিগতভাবে আমি তাঁর স্নেহের স্পর্শ পেয়েছি। গত বছর এই সময়েতেই আমি তাদের গ্রামে এসেছিলাম। জেঠিমা আমাকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। নিজের হাতে আমাকে রান্না করে খাইয়ে ছিলেন। আজ মিতালীদির এই অপূরণীয় ক্ষতি আমারও ব্যাক্তিগত শোক। জেঠিমার আত্মার শান্তি কামনা করি।”

প্রত্যন্ত গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী থেকে লোকসভায় জিতে দিল্লির লড়াইয়ে শামিল হয়েছিলেন আরামবাগের মিতালী বাগ। সাংসদ হিসাবে জায়গাও করে নিয়েছেন নিজের। ২০১৬ সালে বাবার মৃত্যু। সেই সময় থেকে জীবনের উত্থান-পতনে পাশে পেয়েছেন মাকে। আজ তারই চলে যাওয়াতে অনেকটাই ভেঙে পড়েছেন তৃণমূল সাংসদ।




