Header AD

পুজোর কলকাতায় আবারও শুটআউট, গার্ডেনরিচ মৃত ব্যক্তি

দেবীপক্ষের শুরুতেই কলকাতায়  শুটআউট। চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচ। সপ্তাহের শুরুতেই, সোমবার সকালে গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। জানা গিয়েছে, স্থানীয় মানুষ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পশ্চিম বন্দর থানায় । দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর ওই যুবকের মাথায় গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সোমবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। যাতে এই ঘটনাকে আত্মহত্যা মনে হয়। অথবা ওই যুবক সত্যিই আত্মহত্যা করে থাকতে পারেন। দুই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে, অস্ত্র এল কোথা থেকে? পুজোর সময়ে ভিন রাজ্য থেকে মহানগরে অস্ত্র আমদানির বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।   প্রসঙ্গত, মহালয়ার সকালে খাস কলকাতার চারু মার্কেট এলাকার জিমে গুলি চলে। জানা গিয়েছে, রবিবার সকালে রেনকোট পরে দুই আততায়ী আচমকা ঢুকে যায় জিমে। অভিযোগ, মালিককে লক্ষ্য করে চালানো হয় দু’রাউন্ড গুলি। যদিও বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে উৎসবের মরশুমে জনবহুল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।