Header AD

‘তালিকা দিতে না পারলে ক্ষমা চান’! কমিশনকে নিশানা করে ৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’র ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে ৭কোটি ভোটারের মধ্যে ১কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন। বাদ যাওয়া নামের তালিকা যদি প্রকাশ করতে না পারে তাহলে সাধারণ মানুষের কাছে কান ধরে ক্ষমা চাক কমিশন।” SIR ইস্যুতে এভাবেই ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধ্যায় তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে‘লজিক্যাল ডিসক্রিপান্সি’(Logical Discrepency) বা নামে অসঙ্গতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে ঘোষণা করলেন, আগামী ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। দেখা করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সে সংক্রান্ত জবাব চাইবেন ডায়মন্ড হারবার সাংসদ। শুধু তাই নয়, দিতে হবে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও। অন্যথায় কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক প্রশ্ন তোলেন SIR ত্রুটিতে কাদের নাম বাদ গিয়ে কমিশন কেন সেই তালিকা প্রকাশ করছে না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন “কোন জাদু কাঠিতে, কোন সফটওয়্যার ব্যবহার করে কমিশন একদিনের মধ্যে জানিয়ে দিল ৭ কোটি ভোটারের মধ্যে ১ কোটি ৩৬ লক্ষ নামে লজিক্যাল ডিস্ক্রিপ্রেন্সি রয়েছে?” এরপরই তিনি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তালিকা প্রকাশ করতে না পারলে কমিশনের কান ধরে ক্ষমা চাওয়া উচিত। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে FIR হবে না?” তিনি দাবি তোলেন, আগামী ৩১ ডিসেম্বরে কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক। বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকার সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, “যতই কর হামলা, আবার জিতবে বাংলা।”