Header AD

পুজোয় পাতে পড়বে বাংলাদেশের ইলিশ!

পুজোর আনন্দ এবছর আরও দ্বিগুণ হতে চলেছে। কারণ পুজোর ভুরিভোজে এবার থাকছে বাংলাদেশের ইলিশ। পুজোর আগেই ওপার বাংলা থেকে আসছে ইলিশ। বাঙালির পাতে আর কয়েকদিনের মধ্যেই সেই রুপোলি শস্যর আগমন ঘটবে। প্রতিবারই বাংলাদেশ থেকে পুজোর সময় ইলিশ আসে ভারতে। ২০২৫ এর দুর্গাপুজোয়  বাংলাদেশ থেকে এদেশে আসবে ১২০০ টন ইলিশ। যদিও সেটা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই কম।

সোমবার বাংলাদেশের ইউনুস সরকারের বাণিজ্য মন্ত্রক এই বিষয়ে জানিয়েছে, তারা ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রফতানি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলায় প্রতি বছরই বাংলাদেশের ইলিশের চাহিদা পুজোর সময় বাড়ে। সবদিক খতিয়ে দেখেই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক এই নির্দেশ জারি করেছে, যে রফতানিকারকরা বাংলাদেশে এই বিষয়ে আগ্রহী, তাঁরা, ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অফিসে আবেদন করতে পারবেন। বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্স সহ একাধিক নথি পেশ করতে হবে। এই বছর বাংলাদেশ থেকে যে ইলিশ ভারতে রফতানি করা হবে, তার মূল্য ন্যূনতম প্রতি কেজিতে সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এই বছরে বাংলাদেশ থেকে গত বছরের তুলনায় অনেকটাই কম ইলিশ রফতানি করছে ঢাকা। ইউনুস সরকারের দেশ গত বছর পুজোর সময় যে পরিমাণ ইলিশ ভারতে রফতানি করেছিল, তার অর্ধেক এই বছর আসবে। গত বছর দুর্গাপুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির  অনুমতি দিয়েছিল ইউনুস সরকার। এই বছর তারও অর্ধেক ইলিশ ভারতে রফতানি করা হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে বাংলাদেশের সরকার যেকোনও সময় ইলিশ রফতানি বন্ধ করতে পারে বলে শর্তও রয়েছে ।