বড়দিন উপলক্ষে বড় উপহার দিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ । আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মেট্রো চলবে। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিন উপলক্ষে শহরের পথে বাড়তি জনসমাগম থাকে সেই কথা মাথায় রেখে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা। একনজরে মেট্রোর সময়সূচি –
ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রোর দিনক্ষণে বিশেষ কোনও বদল নেই। ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬.৫৪-র বদলে বড়দিনে পাওয়া যাবে ৬.৫০এ। দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অনেকটাই বদল রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।
আবার গ্রিন লাইনেও আপ ও ডাউন মেট্রোর সময়সূচিতে কোনও বদল ঘটছে না। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। উল্টোদিকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫এ। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে পাওয়া যাবে রাত ৯টা ৫৫মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০টা ২০ মিনিটে।
প্রসঙ্গত, বড়দিনে উৎসবমুখী জনতার ঢল নামে রাস্তায়। মূলত তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই ওই দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।





