SIR আবহে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যাবে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কেন্দ্রীয় ভবন থেকে । কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এতদিন টাউন হল থেকে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হত কলকাতার ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের। সোমবার মেয়র পারিষদের বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, “শহরের প্রবীণ নাগরিক যাঁদের এখনও ডোমিসাইল সার্টিফিকেট নেই, তাঁদের আর টাউন হলে যেতে হবে না। এবার থেকে পুরসভার কেন্দ্রীয় ভবনেই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে।”
শুধু তাই নয়, ফিরহাদ এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র টাউন হলে যে পদ্ধতিতে দেওয়া হত এখানেও সেই একই নিয়মে দেওয়া হবে। মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি বরো অফিসে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আগামী দিনে ডোমিসাইল সার্টিফিকেট যাতে বরো অফিস থেকে দেওয়া যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত যাঁরা দীর্ঘদিন কলকাতায় বসবাস করছেন অথচ কোনও প্রামাণ্য নথি নেই এই এসআইআর আবহে তাঁরা রীতিমতো উদ্বেগে আছেন। প্রামাণ্য নথি সংগ্রহ করে আইএএস অথবা গেজেটেড অফিসারের স্বাক্ষর-সহ সেই আবেদনপত্র পুরসভার হেল্প ডেস্ক বা স্বাস্থ্য বিভাগের কাউন্টারে জমা দিতে পারেন । সেই আবেদনের ভিত্তিতেই মিলবে স্থায়ী বাসিন্দা হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট।
পাশাপাশি মেয়র জানিয়েছেন, পুরসভায় বর্তমানে ২০টি কাউন্টারে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রথমে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার রের্কড রুমের তথ্যর সঙ্গে নথি মিলে গেলেই বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে।





