Header AD
Trending

জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তার নদিয়ার ভীমপুরের বিজেপি মণ্ডল সভাপতি, শুরু রাজনৈতিক তরজা

জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। ধৃত ব্যক্তির নাম দেবব্রত বিশ্বাস। একাধিক ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে । ঘটনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাই নয়, ধৃতের কাছে কীভাবে এতগুলি জাল নোট এল, জাল নোট পাচারের সঙ্গে দেবব্রত যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার ধৃত বিজেপি নেতাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

পুলিশ জানিয়েছে,  নদিয়ার ভীমপুর থানা এলাকার বাজারগুলিতে গত কয়েকদিন ধরে একাধিক জাল নোট উদ্ধার হচ্ছিল। বিভিন্ন মাধ্যম থেকে সেই নোট মানুষের হাতে আসছিল। এই সংক্রান্ত একাধিক অভিযোগ পুলিশের কাছে আসতেই নড়েচড়ে বসেন জেলা পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বিশেষ অভিযান চালায় ভীমপুর থানার পুলিশ। সেই সময় দেবব্রত বিশ্বাসকে হাতেনাতে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একাধিক ৫০০ টাকার নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই জাল।

স্থানীয়রা জানিয়েছেন , ধৃত দেবব্রত ভীমপুরের মণ্ডল সভাপতি। যে কারণে জাল নোট-সহ বিজেপি নেতার গ্রেপ্তারের ঘটনায় জেলাজুড়ে শুরু হয় রাজনৈতিক গোলযোগ। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধৃত দেবব্রত বিশ্বাস কোনও পদে নেই। তবে এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।