Header AD

‘বাংলায় বিজেপির হার অনিবার্য’ SIR ইস্যুতে কেন্দ্র ও কমিশনের সমালোচনা করে বললেন অখিলেশ যাদব

বাংলায় বিজেপির পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা—এ কথা স্পষ্ট ভাষায় জানালেন সমাজবাদী পার্টির প্রধান ও সাংসদ অখিলেশ যাদব। সোমবার স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি নিজেই জানে যে এই রাজ্যে তাদের জেতার সম্ভাবনা নেই। তাই সম্মানের সঙ্গে হার স্বীকার করার বদলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে শাসকদল। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক হওয়ার কথা তাঁর। সেখানে কী হয়, তা নিয়েই চলছে জল্পনা।

একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই সোমবার কলকাতায় এসেছিলেন অখিলেশ। তবে তাঁর সফর ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ রয়েছে। বিমানবন্দরে নেমেই  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে তদন্তকারী সংস্থার তৎপরতা—সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কটাক্ষ, বিজেপি এখনও ‘পেনড্রাইভের পেন’ ভুলতে পারেনি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যে ধাক্কা খেয়েছে, সেটাও গেরুয়া শিবির মেনে নিতে পারছে না। এই প্রেক্ষিতেই তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী। অখিলেশের কথায়, “বিজেপি জানে তারা জিততে পারবে না। এখন তাদের একমাত্র দায়িত্ব হওয়া উচিত সম্মানের সঙ্গে হার স্বীকার করা।”

শুধু বাংলা নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে পরিস্থিতি আরও ভয়াবহ—বাংলায় যদি প্রায় এক কোটি ভোটারের নাম বাদ পড়ে থাকে, তবে উত্তরপ্রদেশে সেই সংখ্যা চার কোটির কাছাকাছি। তাঁর মতে, গণতন্ত্রকে দুর্বল করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।