Header AD

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার! এলাকায় চাঞ্চল্য

স্কুলের ভিতর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত। বাড়ি বিষ্ণুপুর এলাকায়। সূত্রের খবর, শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি এরপরই স্কুল কর্তৃপক্ষকে জানায় হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা। খোঁজাখুঁজির পর স্কুলের শ্রেণীকক্ষ থেকেই ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, করোনার সময় বাবা মারা যায় অভিনন্দনের। এর দুই বছর পরে প্রতিবেশিকে বিয়ে করেন মৃত ছাত্রের মা। অনেকের ধারণা সেই সময় এই ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। মায়ের দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে এমনটাই মনে করছেন অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়েছে।