Header AD
Trending

কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ! সুরক্ষিত যাত্রীরা

ফের বোমাতঙ্কে জরুরি অবতরণ বিমানের। বিমান নামল মুম্বইয়ে, কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। জানা যায়, বিমানটিতে বোমা রাখা রয়েছে বলে একটা হুমকি মেল পাঠানো হয়। এরপরই মঙ্গলবার সকাল ৭.৪৫-এ সেটি জরুরি অবতরণ করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্য বিমান থেকে নিরাপদ দূরত্বেই সেটিকে অবতরণ করানো হয়েছে। যাত্রীদের ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, একইভাবে গত ১২ নভেম্বরও এমনই বোমা-হুমকির মুখে পড়েছিল ইন্ডিগোর বিমান। যার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। পরে অবশ্য জানানো হয়, পুরোটাই মিথ্যে। যদিও বিমানে কোনও বোমা পাওয়া যায়নি। জানা যায়, দিল্লির পাশাপাশি চেন্নাই, গোয়া, মুম্বই ও হায়দরবাদের বিমানবন্দরেও বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। ফোনেও রাজধানীর বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে বোমা রাখার দাবি করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কোনও বিপত্তি ঘটেনি। পরে জানা যায়, ভুয়ো হুমকি দেওয়া হয়েছিল।