পুরীর জগন্নাথ মন্দিরকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পরই মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে এটিএস (সন্ত্রাস দমন বাহিনী) ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার সমাজমাধ্যমে ভাইরাল হয় একটি পোস্ট। ওই পোস্টে পুরীর একটি শপিং মলে হামলার হুমকির পাশাপাশি বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর আক্রমণের কথাও উল্লেখ ছিল। পোস্টটি একটি মহিলার অ্যাকাউন্ট থেকে করা হলেও, ওই মহিলা দাবি করেছেন—তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই পোস্ট করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ একজনকে আটক করেছে।
এ ঘটনায় পুরীর সাইবার অপরাধ দমন থানায় মামলা দায়ের হয়েছে। সাংসদ শুভাশিস খুন্তিয়া জানিয়েছেন, তিনি নিজেও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে হুমকি পেয়েছেন এবং বিষয়টি পুরীর পুলিশ সুপারকে জানিয়েছেন। পুরীর এসপি প্রতীক সিংহ সংবাদসংস্থাকে বলেন, কয়েকদিন আগেই সমাজমাধ্যমে জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দেওয়া একটি পোস্ট নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ও সাইবার শাখা সক্রিয় হয়। পরে আরও একটি হুমকি বার্তা পোস্ট করে মুছে ফেলা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে মন্দিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মন্দিরচত্বরে প্রবেশকারী প্রত্যেকের কড়া তল্লাশি চলছে।
উল্লেখ্য, এটাই প্রথম নয়। গত বছর অগস্ট মাসেও পুরীর শতাব্দীপ্রাচীন জগন্নাথ মন্দিরে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখন মন্দিরের দেওয়ালে দুই ভাষায় খোদাই করা হুমকিবার্তা মিলেছিল, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। সেই ঘটনার পরও মন্দির জুড়ে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছিল।





