Header AD

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা রাখার হুমকি মেল, তৎপর পুলিশ ও বম্ব স্কোয়াড

কলকাতার অন্যতম পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমা হামলার হুমকিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, স্মৃতিসৌধ কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল এবং চিঠি আসে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরই ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে জানায় হেস্টিংস পুলিশ স্টেশনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। তল্লাশি চালাতে মোতায়েন করা হয়েছে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড।

এদিকে শুক্রবার দুপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। ওই স্থান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব প্রায় তিন কিলোমিটার হওয়ায় হুমকি ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতার মানুষের কাছেই নয়, সারা দেশ ও বিদেশের পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। তাই সেখানে বোমা হামলার হুমকি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই হুমকি কে বা কারা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশের বিভিন্ন প্রধান ডাকঘর এবং পাসপোর্ট সেবা কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাওয়া গিয়েছিল। সেই ঘটনার জেরে নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধও রাখা হয়। এই পরিস্থিতিতে আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে নতুন করে বোমাতঙ্ক তৈরি হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।