শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়াল। ইন্ডিগোর শিলংগামী একটি বিমানের শৌচাগারে বোমা রাখা আছে—এমন লেখা চিরকুট নজরে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে শিলংয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। আকাশে ওড়ার আগেই কেবিন ক্রুরা শৌচাগারে ওই চিরকুট দেখতে পান। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করে যাত্রীদের নামিয়ে আনা হয় এবং বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে তল্লাশি শুরু হয়।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইটটি ছিল ইন্ডিগোর ৬ই-৭৩০৪। কে বা কারা চিরকুটটি রেখেছে, তা জানতে তদন্ত চলছে। প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর। এই ধরনের ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি থেকে বাগডোগরা গামী ইন্ডিগোর একটি বিমানে উড়ানের পর বোমার হুমকি আসে। তখন নিরাপত্তার স্বার্থে বিমানটি লখনউয়ে জরুরি অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়। এর আগেও গত বছর কলকাতা থেকে মুম্বই গামী ইন্ডিগোর ৬ই-৫২২৭ নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সে বারও যাত্রীদের নামিয়ে এনে বিমানের পূর্ণাঙ্গ তল্লাশি করা হলেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।




