Header AD

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

গত সোমবার রাতের মেঘভাঙ্গা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে  শহর কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সিইএসসি-র কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট । হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে পুরসভায়। নিকাশি ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকেও।  সোমবার রাতের বৃষ্টিতে বানভাসী হয়ে যায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ । জলমগ্ন রাস্তা কার্যত পরিণত হয় মৃত্যুফাঁদে ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতগুলো মৃত্যুর জন্য মঙ্গলবার সিইএসসি-কে দায়ী করে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “এর (মৃত্যুর) দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক। এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের (মডার্নাইজ়েশন) কাজ করছে রাজস্থানে। আর এখানে আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন , সিইএসসি যদি মৃতদের পরিবারের চাকরির ব্যবস্থা না-করে, তা হলে পরিবারের এক জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে সরকার।  এর পাশাপাশি তিনি সিইএসসি-র কাছে  ‘অনুরোধ’ জানিয়ে বলেন, মৃতদের পরিবারকে যেন ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রাজ্য সরকারের তরফেও স্বজনহারানো পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।