Header AD
Trending

রাষ্ট্রপতির সফর নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন, নথি দিয়ে প্রোটোকল ভাঙার অভিযোগ খারিজ নবান্নের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে যে প্রোটোকল বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট পাঠাল রাজ্য সরকার। নবান্নের দাবি, রাষ্ট্রপতির সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি। গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন রাষ্ট্রপতি। সেই সফরকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। অভিযোগ ছিল, রাষ্ট্রপতির সফরের ক্ষেত্রে নির্ধারিত প্রোটোকল মানা হয়নি। সেই নিয়েই প্রামাণ্য নথি জমা দিয়ে শাহি মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন।

সূত্রের খবর, রবিবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে একটি বিস্তারিত রিপোর্ট পাঠান। ওই রিপোর্টে রাষ্ট্রপতির সফরের পুরো ঘটনাক্রম, প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট নথি যুক্ত করা হয়েছে। রিপোর্টে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, সফরের প্রতিটি ধাপেই নির্ধারিত নিয়ম মেনে কাজ করা হয়েছে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে যোগ দেন, সেই অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টিও আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানে উপস্থিত না থাকার প্রসঙ্গেও ব্যাখ্যা দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী আগে থেকেই জানিয়েছিলেন, ওই অনুষ্ঠানের আয়োজন বা বিষয়বস্তু সম্পর্কে তিনি অবগত ছিলেন না। রাষ্ট্রপতির সচিবালয় এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই কে কে রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানাবেন, সেই তালিকা ঠিক হয়েছিল। সেই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না।

এছাড়াও জানা গিয়েছে, সফরের আগে গত ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছিলেন। তখন আয়োজক বেসরকারি সংস্থার পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হয়েছিল। ফোন করেও প্রশাসনের উদ্বেগের কথা জানানো হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের চিঠিতে অভিযোগ করেছিল যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু-বুক’ প্রোটোকল মানা হয়নি। তবে রাজ্যের মুখ্যসচিব তাঁর পাঠানো রিপোর্টে সংশ্লিষ্ট সমস্ত নথি ও তথ্য তুলে ধরে সেই অভিযোগের জবাব দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।