দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে সোমবার ছটপুজো পালিত হচ্ছে। মূলত ৪ দিনব্যাপী পালিত হয় এই পুজো। প্রধানত বিহারি সম্প্রদায়ের মানুষরা এই ধর্মীয় উৎসবটি পালন করেন। উত্তর ভারতের কয়েকটি জায়গাতেও ছট উৎসব পালিত হয় । রাজ্যেও পালিত হচ্ছে ছটপুজো। এই পুজো উপলক্ষে নিজের কথা ও সুরে এবং অরিত্র দাশগুপ্তের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ছটপুজো মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে। সূর্য নমস্কারের মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা, শৃঙ্খলা এবং ভক্তির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।” বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা মনে করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, আলো সর্বদা অন্ধকারকে হারিয়ে জয়লাভ করবে, এই বার্তাই দেয় ছট পুজো । ছটী মাইয়া প্রতিটি বাড়িতে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুন।”






