এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে মাথা পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর। দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক জায়গা থেকে। ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে মঙ্গলবার গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি এসআইআর আতঙ্কে অসুস্থদেরও রাজ্যের তরফে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।
কমিশন সাফ জানিয়েছে, গোটা এসআইআর প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নাম থাকলেও চিন্তার কোনও কারণ নেই বলে সাফ জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড় এবং ভয়। যার পরিণতি মৃত্যু পর্যন্ত গড়িয়েছে। বিএলও ও রাজ্যবাসী-সহ এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে ১৩ জন ভর্তি হাসপাতালে। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মৃত ২ বিএলওর পরিবার ২ লক্ষ টাকা নিয়েছে। ১ জন বাকি আছে। তাঁরা চাইলে নিয়ে যেতে পারেন। ৩৯ জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে। ১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। অসুস্থরা পাবেন ১ লক্ষ টাকা।“ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্ঘটনায় মৃত্যুতে যদি সাহায্য করা হয়, তাহলে এখন কেন করব না? মনে রাখতে হবে, মেয়েরা সংসার সামলায়, সরকারও।”





