Header AD

মুখ্যমন্ত্রীর হাতে শিলান্যাস বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের, ধন্যবাদ দিয়ে আবেগে ভাসলেন সাংসদ দেব

গত লোকসভা ভোটের প্রচারে গিয়ে হুগলির আরামবাগ থেকে কেন্দ্রীয় সাহায্য ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে দিন তাঁর পাশে ছিলেন ঘাটালের সাংসদ দেব (Dev)। বুধবার হুগলির সিঙ্গুর থেকে সেই বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বুধবারও পাশে রইলেন দেব। উল্লেখ্য, রাজ্য সরকার ১৫০০ কোটি টাকা ব্যয় করে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ করছে। এই প্রকল্পের আওতায় ২০২৭ সালের মধ্যে নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি থেকে খাল খনন সহ একাধিক কাজ হবে যা আগামী দিনে ঘাটালবাসীকে জলযন্ত্রণার হাত থেকে রেহাই দিতে পারে।

এই প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, “দেব আমাকে বার বার বলত। বন্যায় বার বার ঘাটালে ছুটে গিয়েছি। ডিভিসির জলে ভাসত। ১০ বছর ধরে কেন্দ্রকে চিঠি লিখেছি। ওরা দেয় শুধু ধোঁকা। ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা।” এরপরই তিনি জানান, এই প্রকল্প রূপায়ণে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকার কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি হাজার কোটি টাকার কাজ শেষ হবে শীঘ্রই। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “অনেকে বড় কথা বলেন। রাখেন না। আমি মরে যাব, তা-ও ভাল। আমি কথা রাখি ১০০ শতাংশ। জুমলা করি না। আমরা ডবল ইঞ্জিন সরকার নই। আমরা মা-মাটি-মানুষের সরকার।”

রাজ্যের শাসক দলের অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক বার আবেদন করা সত্ত্বেও এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। তাই ইতিমধ্যেই সাংসদ দেবের অনুরোধে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সালের মধ্যে ঘাটাল সংলগ্ন নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি হবে প্রায় ৫০ কিমি, খাল এবং নদী খনন হবে ৫০ কিমি পর্যন্ত। ২টি পাম্প হাউস, ৩টি রেগুলেটর, একটি সেতু সম্প্রসারণ এবং ১০৪টি নতুন সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেচ এবং জলসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে । দেবকে মঞ্চে রেখেই নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার বঞ্চনা করলেও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করবে রাজ্য সরকা্রব। সেই মতো প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়।

ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনে আবেগে ভাসলেন সাংসদ দেব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দিদিকে ধন্যবাদ। এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। সাংসদ হিসাবে আজ আমার কাছে বড় দিন। ঘাটালের দীর্ঘ দিনের মানুষের স্বপ্নপূরণের দিন। বৃষ্টি এলেই ঘাটালের গ্রামগুলো জলের তলায় থাকে। গত ১২ বছর ধরে এই ছবি দেখছি। আজকে দিদি যে কাজটা করলেন এটা কোনও সোজা ব্যাপার নয়। ঘাটালের বাসিন্দারা ভেবেছিলেন এমন কেউ আসবেন যিনি আমাদের দুঃখ বুঝবেন। সাংসদ হিসাবে সংসদে আমার প্রথম ভাষণে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ছিল। দিল্লিতে গিয়েছি। বৈঠক করেছি। কিন্তু কেউ কথা রাখেনি। ২০২৪ সালের নির্বাচনের আগে দিদি কথা দেন- ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আজ উদ্বোধন হল। প্রত্যেকের তরফে হাতজোড় করে আমি দিদিকে নমস্কার করছি। কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী।” এরপরই সভায় উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি কেন ভোটে জিতবেন না? জিতবেন তিনি-ই। ২৫০টি আসনে জয়লাভ করবে তৃণমূল।”