বাংলায় সব ধর্মকে সমান চোখে দেখা হয়। ধর্ম যার যার উৎসব সবার- এই স্লোগান বারবার শোনা গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। এবার তার প্রমাণ দিলেন নিজেই। সংখ্যালঘু অধিকার দিবসে একদিকে শুভেচ্ছা জানালেন। পাশাপাশি তাঁর সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা কাজের খতিয়ানও তুলে ধরলেন। বৃহস্পতিবার সকালে এই মর্মে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘সকলকে জানাই সংখ্যালঘু অধিকার দিবসের আন্তরিক শুভেচ্ছা। এটা আমার গর্ব, সংখ্যালঘু উন্নয়নে আমাদের সরকার অভূতপূর্ব কাজ করেছে এবং করে চলেছে।’
সারা রাজ্যে ৩০ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোটার রয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে এই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে সেই তথ্য উল্লেখ করে তিনি লেখেন, ‘সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট ১০ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে – ২০১০-১১ সালের ৪৭২ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৫ হাজার ৬০২ কোটি টাকার বেশি হয়েছে।” সংখ্যালঘুদের উন্নয়নে একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য সরকার, সে বিষয়েও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। ঐক্যশ্রী স্কলারশিপের বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, “সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা ১ নম্বর। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের টাকায় ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ চালু করা হয়েছে। ২০১১ সাল থেকে প্রায় ১০ হাজার ২০৮ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ৮৫ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ প্রদান করা হয়েছে।”
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়া, শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে স্টুডেন্ট লোন প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী পোস্টে লেখেন, ‘দেশের ভিতরে বা বাইরে উচ্চশিক্ষার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হচ্ছে। গত প্রায় ১৫ বছরে ৪০ হাজার মতো সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ৩২৭ কোটি টাকার এডুকেশন লোন দেওয়া হয়েছে।’ আরও উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানিয়েছেন, এমএসডিপি প্রকল্পের মাধ্যমে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ করে সংখ্যালঘু- প্রধান এলাকায় প্রায় ২ লক্ষ পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। সংখ্যালঘু দুঃস্থ মহিলাদের গৃহনির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে মঞ্জুর করা হচ্ছে। ১৪টি জেলায় ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসা স্থাপন করা হচ্ছে। ১৪টি জেলায় ইংরেজি মিডিয়াম মডেল মাদ্রাসা স্থাপন করা হচ্ছে। ৩৮টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।





