Header AD
Trending

নন্দীগ্রাম দিবসে শহিদ স্মরণ মুখ্যমন্ত্রীর, ‘লাল সন্ত্রাসের’ মতো ‘বিজেপির দর্পও চুর্ণ হবে’, হুঁশিয়ারি অভিষেকের

২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সূর্যোদয়ে’র দিন। সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন ও সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেননি কেউই। প্রতি বছর শহিদ স্মরণে এই দিনটি পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল। ১০ নভেম্বরকে স্মরণে রেখে সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম, নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’কে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, ‘ভুলছি না, ভুলব না।’ পাশাপাশি নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে এবার বিজেপি বিরোধিতায় আরও একবার সুর চড়ালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘২০০৭ সালের এইদিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনওদিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্প চূর্ণ হবে এভাবেই।’ SIR আবহে অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, ‘এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে।’