Header AD
Trending

‘রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’ দ্রৌপদী মুর্মুর বক্তব্যের পালটা দিয়ে দিল্লিকে টার্গেট মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) অনুষ্ঠান ঘিরে বিতর্ক আরও বাড়ল। এদিন শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে যোগ দিতে গিয়ে রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য মন্ত্রীদের উপস্থিত থাকা উচিত ছিল। কিন্তু তাঁরা কেউ না থাকায় উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, হয়তো তিনি আমার ওপর রাগ করেছেন বলেই আমাকে স্বাগত জানাতে আসেননি। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পালটা বলেন, “রাষ্ট্রপতি যা বলছেন, তা বিজেপির শেখানো।” এরপরই তাঁর অভিযোগ “রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি। রাজ্যের কাছে ওই অনুষ্ঠানের কোনও আমন্ত্রণ ছিল না।”

এদিন সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে বলেন, “রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, রাষ্ট্রপতি বিজেপির ফাঁদে পড়ে গিয়েছেন। তিনি বলেছেন, আমরা নাকি তাঁর অনুষ্ঠানে কাউকে যেতে দিইনি। একদম ভুল কথা। রাজ্যের তরফে কেউ যাননি সেটাও ভুল তথ্য। আমাদের কাছে অনুষ্ঠানের কোনও খবর ছিল না। আমি তো এস আই আর নিয়ে ধরনায় বসেছি যাব কি করে? আপনাকে রিসিভ করাটা আগে না মানুষের পাশে দাঁড়ানোটা আগে? বছরে একবার আসুন, আমি নিশ্চয় যাব স্বাগত জানাতে।”

মমতা দাবি করেন , “কাদের অনুষ্ঠান, কারা করছে এসব আমাদের কিছুই বলা হয়নি।” এরপরই তিনি রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ করে বলেন, “আপনি আদিবাসীদের জন্য কাজ হয়নি বলেন কি করে?অলচিকিকে স্বীকৃতি দিয়েছে রাজ্য। লক্ষীর ভান্ডার, জয় জওহর প্রকল্প সহ বহু সুবিধা পান আদিবাসীরা । WBCS পরীক্ষা হয় অলচিকি হরফে। বাংলায় আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয় না। প্রথমে কাজ করুন তারপরে সমালোচনা করুন। SIR করে আদিবাসীদের অধিকার খর্ব করা হয়েছে- সেই বিষয়ে কেন কথা বললেন না?”

এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মণিপুরে আদিবাসীদের অত্যাচারের সময় রাষ্ট্রপতি চুপ করে ছিলেন কেন? “তখন কি বিজেপি বারণ করেছিল?মণিপুরে গিয়ে আদিবাসীদের সঙ্গে আপনার কথা বলা উচিত”, রাষ্ট্রপতিকে অনুরোধ মমতার। পাশাপাশি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে, রাজস্থান সহ একাধিক রাজ্যে যখন আদিবাসীরা অত্যাচারিত হন তখন কেন রাষ্ট্রপতি প্রতিবাদ করেন না সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তাঁর অনুরোধ, “দয়া করে এমন কোনও কথা বলবেন না যেটা আপনাকে শোভা পায় না।”

এদিনের মঞ্চ থেকে একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বাংলার প্রশাসনিক প্রধান গর্জে ওঠেন, “বাংলাকে টার্গেট করা বন্ধ করুন। বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না। রাষ্ট্রপতি শাসনের কোন পরিকল্পনা আছে নাকি? তাই আগাম গান গেয়ে যাচ্ছেন।”

বাংলা জয়ের পর দিল্লি জয়ের বার্তাও দিয়েছেন মমতা। বলেন, “বাংলার ভোটের পর আমাদের টার্গেট দিল্লি। সারাদেশে ঘুরব আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলব। আমাকে আঘাত করলে সব বিজেপি রাজ্য গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করব। “