Header AD

এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানার ওপর জোর, জেলাশাসকদের নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল নবান্ন। শুনানির সময় যে যে নথি গ্রহণ করার কথা শীর্ষ আদালত বলেছে, সেগুলি যেন খুঁটিয়ে যাচাই করা হয়—এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে জেলাশাসকদের। একই সঙ্গে কোনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে, সে বিষয়েও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। হিয়ারিংয়ে হয়রানি রুখতে জেলাশাসকদের বিশেষভাবে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ওই বৈঠকে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, প্রশাসনিক কাজকর্মে গতি বজায় রাখার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ যাতে এসআইআর-এর কারণে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্নের তরফে জানানো হয়েছে, এসআইআর-এর (SIR) কাজ চললেও সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ক্ষেত্রে কোনও রকম বাধা যেন না আসে। একই সঙ্গে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে সাধারণ মানুষ যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে জেলাশাসকদের।
যাঁদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, তাঁদের নাম গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, মহকুমা দফতর ও শহরের ওয়ার্ড অফিসে টাঙানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নথি জমা দেওয়ার জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসে আলাদা কেন্দ্র খোলা, এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করার মতো একাধিক নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। নথি জমা নেওয়ার পর যথাযথ রশিদ দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়াও, নির্ধারিত দিনে কেউ শুনানিতে হাজির হতে না পারলে বিকল্প ব্যবস্থার সুযোগ রাখা, এবং যাঁরা শারীরিক বা অন্য কারণে শুনানি কেন্দ্রে আসতে অক্ষম, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, রাজ্য সরকার এই পুরো প্রক্রিয়ায় জেলাশাসকদের পাশে রয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে, মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এসআইআর-এর কাজ সম্পন্ন করার বার্তাই দেন তিনি।