Header AD
Trending

ভোটের আগে জোড়া প্রকল্পের বাস্তবায়ন চান মুখ্যমন্ত্রী, টেন্ডারের জন্য চালু হল পৃথক পোর্টাল

বিধানসভা নির্বাচণের আগে দুটি প্রকল্পের বাস্তবায়নের কাজ করতে চায় রাজ্য সরকার। এবার তার জন্য দরপত্র নিতে পৃথক পোর্টাল তৈরি করল নবান্ন। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ প্রকল্পকে নির্দিষ্ট করে দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে এই নতুন পোর্টালের বিষয়ে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে জেলা প্রশাসনগুলিকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই নতুন পোর্টাল।

প্রসঙ্গত, সাধারণের সমস্যার সমাধান করতে পুজোর আগে থেকে নভেম্বর পর্যন্ত আড়াই মাস ব্যাপী গোটা রাজ্যে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করেছিল রাজ্য সরকার। পানীয় জল, আলো, রাস্তা সংস্কার বা নির্মাণ, সেতু সংস্কারের মতো সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে নবান্ন। এ বার সেই প্রকল্পকে ভোটের আগেই বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার।

উল্লেখ্য, কেন্দ্রের কাছে প্রাপ্য রাজ্যের গ্রামসড়ক যোজনার বরাদ্দ অর্থ বহুদিন থেকেই বন্ধ রয়েছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সরব রাজ্য সরকার। তার পরিবর্তে রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে ‘পথশ্রী’ প্রকল্প শুরু হয়েছিল আগেই। ভোটের আগে সেই প্রকল্পেই আরও নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারকে বাস্তবায়িত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই কারণেই নতুন পোর্টালে ‘পথশ্রী’জন্য টেন্ডার গ্রহণ করা হবে।

গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী সরকারের কাজের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ পেশ করেছিলেন । সে দিনই প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেন, নির্বাচনের কাজের (এসআইআর-সহ অন্যান্য কাজ) মধ্যেও সাধারণ মানুষের কাজ গুরুত্ব দিয়ে করতে হবে। জেলায় জেলায় আবাস, সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো-সহ চালু কাজের গতি যাতে শ্লথ না হয়, তার জন্য ১৩ জন পর্যবেক্ষকের একটি টিমও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশিই মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন, সেই পর্যবেক্ষণের কাজ কেন্দ্রীয় ভাবে তদারকি করতে একটি ‘মনিটরিং টিম’তৈরি করার জন্য। তার পরেই এই নতুন পোর্টাল তৈরি করল নবান্ন।