Header AD

SIR-এ শুনানির নোটিশ পাঠানো শুরু করল কমিশন, ডাক পেতে পারেন দেড় কোটির বেশি ভোটার

SIR অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন কাজ শেষ হতেই প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই খসড়া তালিকা প্রকাশের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর থেকেই SIR-এ শুনানির নোটিস পাঠানো শুরু করল কমিশন। এখন আপাতত প্রথম পর্যায়ে ২০০২-এর তালিকায় যাঁদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার নাম পাওয়া যায়নি, তাঁদেরই নোটিশ দেওয়া হচ্ছে। এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ৩১ লক্ষ বলে কমিশন সূত্রে খবর। তবে এই শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু করা যাবে না বলে মনে করছেন কমিশন আধিকারিকরা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলবে।

বুধবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে শুনানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। তালিকায় নাম থাকা যে ভোটারদের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় রয়েছে, তাঁদের শুনানিতে ডাকা হবে। বৃহস্পতিবার থেকেই ইসি নোটিস তৈরি করবে। সংশ্লিষ্ট ERO, শুনানির তারিখ, সময় এবং স্থান নোটিসে জানানো হবে।‘ সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার ম্যাপিং না হওয়া ভোটারদের বাড়ি গিয়ে নোটিশ ধরানো শুরু করেছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তবে বাংলায় SIR-এর শুনানির জন্য ২৯৪ জন ERO এবং ৩ হাজার ৫৯ জন AERO-কে নিযুক্ত করা হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে একজন ERO এবং ১০ জন AERO নিয়োগ করা হবে। ভুল ও ভিড় এড়াতে প্রতিটি আধিকারিক দিনে ১০০ শুনানি করবেন বলে কমিশন সূত্রে খবর।

কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী এ রাজ্যে এই ধরনের ‘আনম্যাপড’ ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজার। এর পর ডাক পেতে চলেছেন ১.৩৬ কোটি ভোটার, যাদের ক্ষেত্রে নিজের বয়স, বাবার নাম না মেলা, বাবা-মার সঙ্গে অথবা ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য, লিঙ্গ না মেলার মতো অসঙ্গতি রয়েছে। যারা বাবা, মা, ঠাকুরদা ও ঠাকুরমার বদলে মামা বা মাসির মতো মাতৃকূলের কাউকে দিয়ে নিজেকে ম্যাপিং করিয়েছেন, তাঁরাও এই ডাক পাওয়ার তালিকায় আছেন। অবশ্য শেষ পর্যন্ত এই ১.৩৬ কোটি ভোটারের থেকে ডাক পাওয়ার সংখ্যা কিছুটা কমবে বলেই আশা রাখছেন কমিশন কর্তারা। নতুন আবেদনকারীরা, যাঁরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে চান, তাঁদেরও শুনানির জন্য উপস্থিত হতে হবে। এখন কমিশনের তরফে হিয়ারিং লেটার বিলি শুরু হলে আরও স্পষ্ট হবে পরবর্তী পর্বের কাজ।