Header AD

সুপ্রিম নির্দেশ না থাকলেও  তথ্যগত অসঙ্গতির নামের সঙ্গে নো-ম্যাপিং ভোটারদের তালিকা প্রকাশ করবে  কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশে সরাসরি উল্লেখ না থাকলেও নো-ম্যাপিং ভোটারদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পাশাপাশি যেসব ভোটারের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সি রয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের অন্দরমহলের খবর অনুযায়ী, যেসব ভোটারের নাম নো-ম্যাপিং অথবা তথ্যগত অসঙ্গতির তালিকায় রয়েছে, তাঁদের ইতিমধ্যেই শুনানির জন্য ডাকা হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপ্যান্সি থাকা ভোটারদের তালিকা প্রকাশের কথা বলা হয়েছে, তবুও স্বচ্ছতার স্বার্থে নো-ম্যাপিং ভোটারদের তালিকাও জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের একটি সূত্র জানিয়েছে, এই সমস্ত তালিকা বর্তমানে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও-দের কাছে রয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশিকা জারি হলেই সেগুলি প্রকাশ করা হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে নো-ম্যাপিং ভোটারের সংখ্যা প্রায় ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। অন্যদিকে, প্রায় ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। সব মিলিয়ে রাজ্যের প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

এই নোটিশপ্রাপ্ত ভোটারদের মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে—
১) ম্যাপড ভোটার: যাঁদের নাম ২০০২ সালের এসআইআর-এর সঙ্গে যুক্ত।
২) আনম্যাপড বা নো-ম্যাপিং ভোটার: যাঁদের নাম ২০০২ সালের এসআইআর-এর সঙ্গে যুক্ত নয়।
৩) লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ভোটার: যাঁদের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি থাকা ভোটারদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানির সময় এই নির্দেশ দেওয়া হয় এবং মঙ্গলবার শীর্ষ আদালত এ বিষয়ে ১০ দফা নির্দেশিকা প্রকাশ করে।

আদালত আরও জানিয়েছে, এই নির্দেশের ফলে শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে। আপাতত আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন নির্ধারিত রয়েছে এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে, শুনানির সময়সীমা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন— দুটোই পিছিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবার এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।