দিল্লি থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে যাত্রী পরিষেবার মান নিয়ে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিমানসংস্থাটিকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কমিশন। জনৈক শৈলেন্দ্র ভাটনাগর ও তাঁর মেয়ের করা মামলায় কমিশন জানিয়েছে, যাত্রীদের “মানসিক যন্ত্রণা ও হয়রানি”র অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগকারীদের দাবি, ২০২৩ সালের ওই যাত্রায় ভাঙা আসন, নোংরা শৌচালয় এবং নিম্নমানের খাবারের কারণে তাঁদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত খারাপ। এই অভিজ্ঞতাকে তাঁরা “ভয়ংকর” ও “নোংরা” বলে উল্লেখ করেন। কমিশন উভয় পক্ষের বক্তব্য শোনে। এয়ার ইন্ডিয়া অভিযোগগুলো অস্বীকার করে জানায়, সেগুলি ভিত্তিহীন।
তবে ১৪ জানুয়ারির নির্দেশে কমিশন যাত্রীদের বক্তব্যকে গ্রহণযোগ্য বলে মনে করে। রায়ে বলা হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে বাবা ও মেয়েকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে দিতে হবে। পাশাপাশি মামলার খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা অর্থাৎ মোট ১.৫ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।
এয়ার ইন্ডিয়ার দাবি, অভিযোগকারী সংস্থার কাছ থেকে বেআইনিভাবে সুবিধা আদায়ের উদ্দেশ্যেই এই মামলা করেছেন। তবু কমিশনের নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত বহাল রইল।





