Header AD

কাশির সিরাপ বিতর্ক! প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার

‘স্রেসান ফার্মাসিউটিক্যাল’ আর ওষুধ তৈরি করতে পারবে না তামিলনাড়ু তে। সম্প্রতি কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তার প্রস্তুতকারী সংস্থা এটি। ওষুধ প্রস্তুতের জন্য সংস্থার লাইসেন্স সম্পূর্ণ বাতিল করে দিয়েছে এমকে স্ট্যালিনের সরকার। সংস্থা বন্ধ করার  নির্দেশও জারি করা হয়েছে।  

তামিলনাড়ুর ওই সংস্থার তৈরি কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ নিয়ে বিস্তর বিতর্ক। অভিযোগ উঠেছে, ওই কাশির সিরাপ খাওয়ার ফলে মধ্যপ্রদেশে ২০ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ে রাজস্থানের বেশ কয়েকটি শিশুও। ওই কাশির সিরাপে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। তা ছাড়া ওই সংস্থার ওষুধ তৈরির জন্য এবং তা পরীক্ষা করানোর জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠে এসেছে। বিতর্কের মাঝে গত সপ্তাহেই সংস্থার মালিক রঙ্গনাথনকে চেন্নাই থেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর (সোমবার) থেকেই ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল’এ তালা পড়ে যাচ্ছে।  ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে সংস্থার ওষুধ তৈরির লাইসেন্সও। দফতর থেকে আরও জানানো হয়েছে, ‘কোল্ডরিফ’ কাশির সিরাপে  বিষাক্ত পদার্থ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। তার জেরেই সংস্থার ওষুধ তৈরির লাইসেন্স বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর। এর যোগসূত্র ধরে তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে চেন্নাইয়ের অন্তত সাতটি জায়গায় হানা দিয়েছেন ইডি অফসারেরা।