শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিতওয়া। পৌঁছেছে উপকূলের কাছাকাছি।উত্তর-পশ্চিম ভারতে বেড়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দিতওয়ার অবস্থান তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলের খুব কাছাকাছি। ধীরে ধীরে এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে শক্তি হারানোর পর আরও দুর্বল হবে। হরিয়ানার কাছেও রয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা ও একটি ঘূর্ণাবর্ত। আগামী ৫ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনাও রয়েছে।
অপরদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছে বেশ খানিকটা। কলকাতাতেও মঙ্গলবার সকাল থেকে শীতের আমেজ খানিকটা কমে গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে ফের নামবে পারদ। উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। সঙ্গে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে নামবে পারদ। এমনকি, সপ্তাহের শেষে রাজ্যে ৩ ডিগ্রি কমে যেতে পারে তাপমাত্রা। এছাড়াও বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।
পশ্চিমী জেলাগুলিতেও তাপমাত্রা বেড়ে গিয়েছে। ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে বুধবার থেকেই আবহাওয়ার রদবদল হতে পারে। দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হতে পারে। এমনকি, চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে খানিকটা। মঙ্গলবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে আপাতত তাপমাত্রায় খুব বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।





