কলকাতার জোড়াসাঁকো এলাকার ১০৪ এমএম বর্মণ স্ট্রিটের একটি পুরনো বহুতলে শুক্রবার সকালে বিপত্তি ঘটে। বাড়িতে মেরামতির কাজ চলার সময় সিঁড়ির একটি অংশ ভেঙে পড়ে বলে জানা যায়। এর ফলে ওই বাড়ির অন্তত ২২ জন বাসিন্দা ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা এবং ভবনের গায়েও সতর্কতামূলক বোর্ড লাগানো ছিল। স্থানীয়দের দাবি, প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো এই বাড়িতে দীর্ঘদিন ধরেই ঝুঁকির আশঙ্কা ছিল। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন। তিনি জানান, সিঁড়ি নয়, আসলে বাথরুমের একটি অংশ ভেঙে পড়েছে। তবে বাড়ির ভিতরে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদে বের করে আনার কাজ চলছে।
কাউন্সিলরের অভিযোগ, বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও মালিক কোনও ব্যবস্থা নেননি। বাড়ি ভাঙা বা সংস্কারের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন এবং উদ্ধারকাজ তদারকি করবেন।
এদিকে বাড়ির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই বাড়ির মালিক মেরামতির কাজ শুরু করেছিলেন। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের প্রশ্ন, বাড়িটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও কেন আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, সময়মতো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।




