ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই জোরাল কম্পনে এখনও পর্যন্ত অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। অনুমান করা হচ্ছে, ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক।চলছে উদ্ধারকাজ।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। প্রায় ৯০ হাজার মানুষের বাস এই অঞ্চলে। ঘন জনবসতিপূর্ণ এই অঞ্চলে ভূমিকম্পের জেরে শহর ও আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। সেখানে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাহাড়ি গ্রামে ভূমিধসের ফলে অসংখ্য ঘরবাড়ি মাটির নিচে চলে গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা।
প্রসঙ্গত, ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। বিশেষজ্ঞদের দাবি, এই অঞ্চল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। মাঝে মধ্যেই এখানে কম্পন অনুভূত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে তা এতটাই দুর্বল হয় যে মানুষ তা অনুভব করতে পারে না। তবে মঙ্গলবার রাতে কম্পনের মাত্রা বেশ জোরালো ছিল। রাতে কম্পন হওয়ার জেরে সকলেই সেই সময় ঘুমের মধ্যে ছিলেন। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। যদিও পরে তা প্রত্যাহার করে জানানো হয়েছে, সুনামির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে সেবু, লেইট এবং বিলিরানের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





