Header AD

কলকাতায় রাতের রাস্তায় মারণ গতির তাণ্ডব, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক-যুবতীর

রাতের কলকাতায় ফের মর্মান্তিক পথদুর্ঘটনা। অতিরিক্ত গতির বলি হয়ে প্রাণ হারালেন এক যুবক ও এক যুবতী। রবিবার গভীর রাতে কলকাতার জোকা মেট্রো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ছিল ডায়মন্ড হারবার রোডের ঠাকুরপুকুর ইএসআই হাসপাতাল সংলগ্ন টিপিজি এলাকা। মৃতদের নাম অঞ্জন সাধুখা (৩০) ও প্রিয়া দাস (৩৫)। দু’জনেই ঠাকুরপুকুরের বাসিন্দা। প্রিয়া বিবাহিত ছিলেন। তাঁরা কোথায় যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতিতে চলার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেই সুযোগে পিছন দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। রবিবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডায়মন্ড হারবার রোড দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। নিয়মিত দুর্ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রেই তা প্রাণঘাতী হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। পলাতক ট্রাকের খোঁজে তল্লাশি চলছে।