SIR আবহে এবার গান বাঁধলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সেই সঙ্গে উত্তাল সারা দেশ। এত তাড়াহুড়ো করে SIR করা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। আতঙ্কে বহু মানুষের আত্মহত্যার অভিযোগ উঠছে, এমনকি কাজের চাপে মৃত্যু হয়েছে BLOর। এবার নতুন গানের মাধ্যমে SIRকে কটাক্ষ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন। সেইসঙ্গে এটাও স্পষ্ট করে দিয়ে গানের মাধ্যমেই দেবাংশুর দাবি, যতই SIR করা হোক, আগামী বছর বিধানসভা নির্বাচনের পরে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন।
গানটি দেবাংশু আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতেই নিমেষে ভাইরাল। গানের কথাও তাঁর লেখা। দেবাংশুর সঙ্গে গান গেয়েছেন আরও চার জন। প্রায় সাড়ে ১২ মিনিতের এই গানটিতে মজার ছলে একের পর এক ইসুকে সামনে নিয়ে এসেছেন তিনি। ‘হ্যালো মোদিজি’ বলে গানের শুরুয়াত। দিলীপ ঘোষের বলা ‘গরুর দুধে সোনা’র সঙ্গে তুলনা টেনে কেন্দ্রীয় সরকারের রোহিঙ্গা অভিযোগকেও ফুতকারে উড়িয়ে দিয়েছেন তিনি। সারা বছর বাংলার সঙ্গে সম্পর্ক না থাকা নেতারা ভোটের সময় এই রাজ্যের নানা বিষয় নিয়ে মন্তব্য করেন বলেও কটাক্ষ করা হয়েছে। বিহার ভোটে জয় পাওয়ার পরে বাংলা দখলের যে স্বপ্ন দেখছে বিজেপি, সেটাও যে স্বপ্নই থেকে যাবে সেটাও মনে করিয়ে দিয়েছে এই গান। আর গানের ছত্রে ছত্রে রয়েছে বার্তা ‘ যতই করো SIR, এবার বাংলা মমতার।‘





