চলতি SIR এর খসড়া ও চূড়ান্ত দুই ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিরবাচন কমিশন। আএওর এই সিদ্ধান্তকেই ‘বিলম্বিত বোধদয়’ বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২ শিবিরের উদ্বোধনে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘ আমরা প্রথম থেকেই বলে আসছি সময় নিয়ে SIR করতে। তাড়াহুড়ো করাটাতেই আমাদের আপত্তি। রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই সময়সীমা নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এত কম সময়ে এসআইআর করলে তা ভুলে ভরা থাকবে। জানিয়েছিলেন, আরও বেশি সময় নিয়ে কমিশন এই কাজ করুক। এবার সেই পথেই হাঁটল কমিশন। অবশেষে ‘বিলম্বিত বোধদয়’ হয়েছে।‘
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুরু থেকেই একাধিক ‘বিতর্ক’ সামনে এসেছে। অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল নির্বাচন কমিশন! বাংলা-সহ ১২টি রাজ্যে খসড়া ও চূড়ান্ত দুই ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৯ ডিসেম্বরে বদলে ১৬ তারিখ প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। স্বাভাবিক ভাবেই চূড়ান্ত ভোটার প্রকাশের দিনেরও পরিবর্তন হয়েছে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে সেই তালিকা। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, ফর্ম দেওয়া-নেওয়া ও তা অ্যাপে আপলোড করার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিন মহেশতলা থেকে নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল পাঁচটি প্রশ্ন নিয়ে গিয়েছিল। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে প্রতিনিধি দল দাবি করেছিল, কমিশন একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি, উল্টে অন্য গল্প শুনিয়েছে। পাল্টা কমিশন বিবৃতি দিয়ে জানায়, সব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “ কিছু নির্বাচিত অংশের কথা কমিশন বলেছে। কিন্তু যে পাঁচটা প্রশ্ন করা হয়েছিল, তার একটা প্রশ্নেরও জবাব দেয়নি।“ এরপর কমিশনকে কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি যদি আপনারা মনে করেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন তাহলে সেই ফুটেজ প্রকাশ করুন। তারপর আপনাদের কোর্টে নিয়ে যাব।“





