Header AD
Trending

দিল্লি বিস্ফোরণের মূল সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে! জীবীত না মৃত স্পষ্ট নয়

দিল্লি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আর তারই মাঝে প্রকাশ্যে এল বিস্ফোরণের মূল পাণ্ডার প্রথম ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়ির বর্তমান মালিক উমর মহম্মদ নামে এই ব্যক্তি। তার ছবিই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , দিল্লিজুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়েই সন্ধেয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই উমরের মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে-সেটা এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল ৪টের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় ৩ ঘণ্টা রাখা ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পার্কিং লট থেকে বেরনোর সময় গাড়িতে একজনই ছিল। সেই মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়।

হুন্ডাই I-20 গাড়ির মধ্যে রাখা ডিটোনেটর থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে অনুমান করা হচ্ছে বিস্ফোরক রাখার কাজ করেছে ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক উমর। সিসিটিভি ফুটেজেই গাড়ির চালকের আসনে থাকা উমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। যদিও বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দেখা যায়, গাড়ির চালকের আসনে মাস্ক পরা এক ব্যক্তি রয়েছেন। মাঝপথে উমর নেমে গিয়ে অন্য কেউ চালকের আসনে বসেছিল কি না, তা স্পষ্ট নয়। ফলে দিল্লির বিস্ফোরণে উমরের মৃত্যু হয়েছে একথাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলার ছক ছিল উমরের। অন্যদিকে তদন্তকারীদের ধারনা, সোমবার রাজধানীর একাধিক এলাকায় বিপুল পরিমাণে আরডিএক্স উদ্ধার হওয়া এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারিতে ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছে উমর। কারণ সোমবার গ্রেপ্তার হওয়া আরও দুই ডাক্তারের সঙ্গে তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। উমরের ভাইকেও ইতিমধ্যেই জেরা করছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত ১৩জন সন্দেহভাজনকে আটক করে জেরা করছে দিল্লি পুলিশ।