Header AD

‘ভারতবর্ষে গণতন্ত্রে গ্রহণ লেগেছে’! SIR ইস্যুতে কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ মমতার

রাজ্যে ভোটের আগে পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের  (Election Commission of India) ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে প্রতিনিধিদল সোমবার রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করে। সেই সময়ই ধর্মতলার ধরনামঞ্চ থেকে কমিশন ও বিজেপি’কে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় রাজনৈতিকভাবে সফল হতে না পেরে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিজেপি। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ইভিএমে কারচুপির আশঙ্কাও প্রকাশ করেন তিনি এবং জানান, তৃণমূল আগাম সতর্ক থাকবে। কমিশনের উদ্দেশে মমতা বলেন, ‘অফিসারদের ভয় দেখাচ্ছেন যারা, তাদের বলি ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে লাভ হবে না। বাংলার মানুষ মাথা নত করবে না। মনে রাখবেন গণতন্ত্রে মানুষই শেষ কথা।“ তাঁর মতে, কেউ যদি মনে করেন ভোটের পরেও ক্ষমতা দেখাবেন, তা বাস্তবে সম্ভব নয়। তিনি কটাক্ষ করে বলেন, “কেউ যেন ‘সুপার গড’ বা স্পাইডারম্যান হয়ে গিয়েছে—যেন যা খুশি করতে পারে। কিন্তু গণতন্ত্রে এভাবে ভয় দেখানো যায় না।”

বিজেপিকেও কটাক্ষ করে মমতা বলেন, দলটি বাংলার ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, বিজেপি গণতন্ত্রের পরিবেশ নষ্ট করছে। তৃণমূলের মূল দাবি একটাই—প্রত্যেক নাগরিককে ভোটাধিকার দিতে হবে।

রাজ্যপাল পদ থেকে সদ্য প্রাক্তন হয়েছেন সিভি আনন্দ বোস। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এদিন ধরনা মঞ্চ থেকে সেই বিষয় উত্থাপন করেও সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, ‘কেন ভোটের আগে রাজ্যপাল পদ থেকে সরানো হল বোসকে?’ এরপর তাঁর হুঁশিয়ারি, ‘ডাল মে কুছ কালা হ্যায়। এর কারণ জেনেই ছাড়ব।‘

এদিন আমলাদের একাংশ ও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, অনেকেই কেন্দ্রের চাপে কাজ করছেন। এমনকি কোথাও কোথাও সেনাবাহিনীকেও রাজনৈতিক কাজে ব্যবহার করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও তিনি বলেন, ভারতীয় সেনা ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ থেকেছে।

শেষে তিনি সতর্ক করে বলেন, যাঁরা এখন অন্যায় কাজ করছেন তাঁদের সবকিছুর রেকর্ড থেকে যাচ্ছে। ভবিষ্যতে পরিস্থিতি বদলালে তাঁদেরই জবাব দিতে হবে।